নিউজটুডেফরিদপুরঃ
আজ ১০ মার্চ। ফরিদপুরের মাটিতে এদিনেই প্রথম উড়েছিল স্বাধীন বাংলাদেশের পতাকা। পশ্চিম পাকিস্তানীদের ক্রমাগত নির্যাতন, নিপীড়ণ ও নিস্পেষণের বিরুদ্ধে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে এদিন শহরের অম্বিকা ময়দানে আয়োজন করা হয়েছিল এক বিশাল ছাত্রগণজমায়েত।
গণজমায়েত একপর্যায়ে বিশাল জনসমুদ্রে পরিণত হয়। উদ্বেলিত মুক্তিকামী জনতা মৃত্যু ভয় উপেক্ষা করে এদিনেই ফরিদপুরের গুরুত্বপূর্ণ সরকারী অফিস ও ভবনে উড়িয়ে দেয় মানচিত্র খচিত লাল সবুজের পতাকা। ফরিদপুরের গুরুত্বপূর্ণ সড়ক, মার্কেট ও লেকের নাম থেকে পশ্চিম পাকিস্তানীদের নাম মুছে দেয়ার ঘোষনাও দেয়া হয় এ সমাবেশ থেকেই।
এই দিনটি উপলক্ষে আজ শনিবার বেলা সাড়ে ১১টার সময় অম্বিকা ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করেন তৎকালীন মুজিব বাহিনীর কমান্ডার, ছাত্র সংগ্রাম পরিষদের নেতা ও সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও জাতীয় চার নেতা এবং স্বাধীনতা যুদ্ধে শহীদ স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন উপস্থিত মুক্তিযোদ্ধারা ।
পরে মুক্তিযোদ্ধা নাজমুল হাসান নসরু’র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হাসেন মৃধা, শাহ মো. আবু জাফর, এমএম শাহরিয়ার রুমি, আবুল ফয়েজ শাহনেওয়াজসহ তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।
মুজিব বাহিনীর কমান্ডার শাহ মো. আবু জাফর তার বক্তব্যে বলেন, নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে এধরনের আয়োজনের বিকল্প নেই। এসময় সঠিক ইতিহাস বর্তমান প্রজন্মকে জানাতে সংবাদ কর্মীদের ভুমিকা অনস্বীকার্য বলে উল্লেখ করেন তিনি। #

No comments:
Post a Comment